বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বাগেরহাট জেলা কারাগারে বন্দি ৬৪ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ওই মৎস্যজীবীদের কোস্টগার্ড ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যায়।

বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা যায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে ২০২৪ সালের ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌ বাহিনী। আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আহরণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়।

পরে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ ৬৪ জেলেকে মামলা থেকে অব্যাহতি দেন। ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের মুক্তির আদেশ দেওয়া হয়।। সেই নির্দেশের পর বৃহস্পতিবার বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান ভারতীয় জেলেরা।