ঢাকার গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের ভবনে লাগানো ডিসপ্লেতে “ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে” লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরে দিকে একটি ডিসপ্লে আছে। যেখানে মাদককে না বলুন কিংবা মাদকবিরোধী নানা স্লোগান ২৪ ঘণ্টা দেখানো হয়। সেই ডিসপ্লেতে রবিববার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে এমন লেখা দেখতে পায় স্থানীয়রা। পরে তারা জড়ো হয়ে কার্যালয়ের প্রধান ফটকে ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) তানভীর মমতাজ বলেন, “বিষয়টি আমরাও জানতাম না। সোমবার বিকেলে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম বলেন, “ডিসপ্লে সঙ্গে সঙ্গে বন্ধ করায় আমার কাছে ফুটেজ নেই। তবে নতুন যে পেন ড্রাইভ লাগানো আছে, সেখানে লেখা থাকলে থাকতেও পারে। এ ঘটনায় অতিরিক্ত পরিচালক লিখিতভাবে প্রধান কার্যালয়কে জানিয়েছেন। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।”
এর আগে দেশের বিভিন্ন স্থানের ডিজিটাল ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট নানা স্লোগান ভেসে উঠে।