ঢাকার ধানমন্ডির “বাংলাদেশ আই হসপিটালে”র এক চিকিৎসকের বিরুদ্ধে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. শাহেদারা বেগম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শিশুটির অভিভাবকরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা শেষে চিকিৎসক বাম চোখে অপারেশনের সিদ্ধান্ত নেন। কিন্তু অপারেশন শেষে পরিবারের সদস্যরা দেখেন, বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করা হয়েছে।
শিশুটির মা বলেন, “অপারেশন থিয়েটারের বাইরে আমি আর আমার স্বামী অপেক্ষায় ছিলাম। বাবুকে যখন ওখান বের করলো, তখন জ্ঞান ফিরবে ফিরবে এমন এমন ভাব ছিল। তার একটু পরে ওর বাবা কোলে নিয়ে বলতেছে, ওর তো ডান চোখে অপারেশন করে ফেলছে কিন্তু বাম চোখ অপারেশন করার কথা ছিল।”
এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে শিশুটির বাবা মাহমুদ হাসান বলেন, “আজকে আমাদের পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটে গেলো। এটা যদি বড় কোনো ধরনের অপারেশন হতো তাহলে আমরা হয়তো এখন মাত্র দেড় বয়সী রোগীকে নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দৌড়াদৌড়ি করতে হতো। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত ডা. শাহেদারা বেগম বলেন, “ভুলটা আসলে অন্যান্য স্টাফদের জন্য হয়েছে। প্রথমে ডান চোখ থেকে চুল বের করে আনার পর রোগীর স্বজনরা বলছেন যে বাম চোখে সমস্যা ছিল। তখন আমি আবার বাম চোখ পরিষ্কার করে দিয়েছি। এটি আমাদের কাছে খুবই ছোট একটি অপারেশন। তারপরও আমি ক্ষমাপ্রার্থী হয়ে বলছি এটা আমার ভুল।”
হাসপাতালের প্রধান অপারেটিং কর্মকর্তা কাজী মেসবাহুল আলম এটিকে গুরুত্বর ভুল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “আমাদের ডাক্তার পরিবারের পরামর্শ না নিয়ে প্রথমে ডান চোখে অস্ত্রোপচার করেছেন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”