এবারের বইমেলায় থাকছে যেসব পরিবর্তন

“জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানানো হয়।

মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। মেট্রোরেলের কারণে এবারের বইমেলায় প্রবেশ ও বাহির পথে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান সরকার আমিন।

তিনি বলেন, “মেলায় চারটি প্রবেশপথ থাকবে টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিক দিয়ে। খাবারের স্টলগুলো থাকছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে। শিশুদের জন্য এবারও থাকছে আলাদা ‘শিশু চত্বর’, যেখানে তারা অবাধ ঘুরতে এবং বই সংগ্রহ করতে পারবে।”

বইমেলার সময়সূচি ও স্টল সংক্রান্ত তথ্য

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া)। ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টা এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

১. এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। মোট ইউনিট ১,০৮৪টি। গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৪২টি এবং ইউনিট ছিল ১,৯৪৬টি।

২. এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি। গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৭টি।

৩. লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

৪. শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান ৭৪ এবং ইউনিট ১২০টি। গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৮ এবং ইউনিট ১০৯টি।

এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত

এবারের বইমেলার আয়োজনকে পরিবেশ সুরক্ষা সচেতন এবং জিরো ওয়েস্ট বইমেলায় পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজনস্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিতব্য সব স্টল, দোকান, মঞ্চ, ব্যানার, লিফলেট, প্রচারপত্র, ফাস্ট ফুড, কফি শপ, খাবার দোকান ইত্যাদি প্রস্তুতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ পরিহার করে পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ যেমন- পাট, কাপড়, কাগজ ইত্যাদির ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।