রবীন্দ্র পুরস্কার-২০২৬ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এবার পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ ও সংগীতশিল্পী বুলবুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলা একাডেমি।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবীন্দ্র সাহিত্যের গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্র সংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ বৈশাখ ১৪৩৩ (১১ মে ২০২৬) বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।
অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ একজন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি রবীন্দ্র গবেষণা ও সৃজনশীল সাহিত্যের জন্য পরিচিত। এই শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন। তিনি ৮৮টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন।
বুলবুল ইসলাম একজন রবীন্দ্র সংগীত শিল্পী এবং বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত শিল্পী। সিরাজগঞ্জে জন্মগ্রহণ করা এই রবীন্দ্র সংগীত শিল্পী বাবু কাঞ্চুরাম অধিকারীর কাছে শাস্ত্রীয় সংগীতে প্রাথমিক শিক্ষা লাভ করেন।



