অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে যান চলাচলের ওপর দেওয়া বিধিনিষেধ শিথিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলা একাডেমির অনুরোধে ফেব্রুয়ারি মাসজুড়ে এ শিথিলতা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাবির প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। সারাদেশ থেকে বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ এ বইমেলা উপভোগ করতে আসেন। বইমেলা উপভোগ করতে আশা ক্রেতা এবং দর্শনার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের যে বিধি-নিষেধ থাকে তা অমর একুশে বইমেলা উপলক্ষ্যে শিথিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবেনা। তবে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ এ প্রবেশপথগুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক দল এবং প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সদস্যরা ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে সার্বিক সহায়তা করবে।
উল্লেখ্য, বাংলা একাডেমি কর্তৃপক্ষ অমর একুশে বইমেলা উপলক্ষ্যে যানবাহন চলাচল নির্বিঘ্ন করার জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।