তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছে। এতে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মহাখালীতে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় রেললাইনেই কমলাপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে যায়।
অবরোধের ফলে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র পদ্মা সেতুর দিকের লাইনটি ক্লিয়ার আছে। তবে সন্ধ্যা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই। রাতে শুধু বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাবে।
তবে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে এখনও দিনের ১৭টি আন্তঃনগর ট্রেনের ঢাকা থেকে ছাড়ার শিডিউল রয়েছে। অবরোধের কারণে এসব ট্রেন ছাড়তে বিলম্ব হতে পারে বলে স্টেশন সূত্রে জানা গেছে।
শিডিউলে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে— সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬), চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস (৭০২), তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫), চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫), দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩), কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর গোধূলি (৭৪৯), খুলনাগামী চিত্রা এক্সপ্রেস (৭৬৪), পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭), কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭), চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস (৭২২) ,লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস (৭৫১), সিলেটগামী উপবন এক্সপ্রেস (৭৪০), মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস (৭৭৭), কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস (৭৫৯), চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস (৭৪২) এবং পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)।