ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর

বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দোকানে ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে “ভালোবাসা বিরোধী” বিক্ষোভ করেছেন তারা। এ সময় বিক্ষুদ্ধরা “ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস- চলবে না, চলবে না”, “প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে”-সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা সংলগ্ন কলেজরোডে মামা গিফট কর্নারে ভাঙচুর ও বিক্রির জন্য রাখা ফুল রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ করেছেন দোকানদার।

ক্ষতিগ্রস্ত ফুলের দোকানদার আলম বলেন, “দোকানে ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। বিকেলে কিছু লোকজন এসেই আক্রমণ চালিয়ে দোকানে ভাঙচুর চালায়। এ সময় তারা ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি সেটাই অপরাধ। আরেকটি দোকান ভেঙেছে তা-ও কিছু বলিনি। এর আগের দিন তারা নিষেধ করে গিয়েছিল।”

নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান বলেন, “গতকাল (বৃহস্পতিবার) একদল এসে ফাস্টফুড বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন তারা ফাস্টফুডে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিয়েছিল। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।”

এদিকে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে ‍আজ শনিবার ভূঞাপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর “বসন্তবরণ অনুষ্ঠান” স্থগিত করা হয়েছে এ ব্যাপারে উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান  জানান, ভালোবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বসন্তবরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “ঘটনার বিষয়টি জানা নেই। এছাড়া ভাঙচুরের বিষয়েও কোনো অভিযোগ পাইনি।”