লালমাটিয়ার ঘটনা মীমাংসা হয়েছে বলে জানালেন উপদেষ্টা রিজওয়ানা

মোহাম্মদপুরের লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনায় দুই পক্ষের মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানিয়েছেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “তারা দুটি পক্ষই এই ঘটনাকে ফৌজদারি অপরাধ মনে করছে না। তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছে না, উভয় পক্ষ আলোচনা করে বিষয়টা মীমাংসা করে নিয়েছে, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না।”  

তিনি বলেন, “মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার বিষয়ে আজ আমরা জেনেছি উভয় পক্ষ পুলিশের সামনে একটি আপোষনামা সই করেছে। যেহেতু দুই পক্ষই সই করেছে, সেটাকেই আমাদের চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না।” 

তিনি আরও বলেন, “মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এদেশে নেই। সরকার এটির বিরুদ্ধে সব সময় একটি শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে যেভাবে ছিল সম্পূর্ণভাবে ওইভাবে আমরা ফেরত আনতে পারিনি বা ফেরত আসেনি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারে অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিজ কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই।”

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাই থাকছেন।”