ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারও রোকেয়া হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের কী বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখি না।

তারা বলেন, মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন নারী জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা এরেস্ট-এরেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না।

রোকেয়া হলের শিক্ষার্থী আদিবা সায়মা খান বলেন, “আমরা ধর্ষকদের স্থায়ী শাস্তি চাচ্ছি। আমরা যদি বাইরে বের হই এবং আমাদের যদি নিরাপত্তাই না থাকে, তাহলে এই রাষ্ট্র আমাদের কী দিচ্ছে? সরকারের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। আইন-শৃঙ্খলা উন্নত করা। ধর্ষকদের এমন শাস্তি দেওয়া যেন অন্য কেউ পুনরায় সেরকম চেষ্টাও না করতে পারে।”