ঢাকার বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিকের নিহতের ঘটনায় জড়িত ট্রাকটির চালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।
সোমবার (১০ মার্চ) রাতে ডিবির একটি দল প্রযুক্তিগত নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ তালেবুর রহমান।
এর আগে সোমবার সকালে বনানীতে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রাকটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন পথচারীকে চাপা দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে।
পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ট্রাকটিকে শনাক্ত করতে অভিযান শুরু করে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ট্রাকচালকের অবস্থান চিহ্নিত করে। এরপর বিশেষ অভিযান চালিয়ে রাতেই চালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ঘাতক চালকের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও দুর্ঘটনার কারণ বিশ্লেষণ ও চালকের লাইসেন্স, মাদকাসক্ততা বা অন্য কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ট্রাকচাপায় নিহতের এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা তার মরদেহ কফিনে নিয়ে মিছিল করে এবং প্রায় ৭ ঘণ্টা বনানী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দ্রুত ন্যায়বিচারের আশ্বাসে তারা সড়ক ছেড়ে চলে যান।