কু‌ষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি

কু‌ষ্টিয়া‌র মিরপুরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়েছে। 

শ‌নিবার (২২ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কু‌ষ্টিয়া-‌মেহেরপুর মহাসড়কের মিরপুর পৌরসভার ভাঙা বট‌তলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় বাসচালক‌ আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডাকাতের কবলে পড়া এস‌বি সুপার ডিলাক্স বাসটির চালক আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে তাদের বাসটি কু‌ষ্টিয়ার উদ্দেশে রাত পৌঁনে ১১টার দিকে ছেড়ে আসে। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টার দিকে যাত্রী না‌মিয়ে সেহরী শেষ করে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় পথের মধ্যে ভোর রাত সাড়ে ৪টার দি‌কে মিরপুর ভাঙাবটতলা নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ফেলে বাসের গতি রোধ করা হয়। এ সময় বাসটির পাশাপাশি কয়েকটি ট্রাক ও ন‌সিমন আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী ব্যক্তি দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গা‌ড়ি থামাতে ব‌লে। 

তিনি আরও জানান, এসময় আমি বাঁধা দি‌লে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে এক‌টি আঙ্গুলের রগ কেটে যায়। এরপর অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্ট‌াফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল নিয়ে যায়। বা‌সটিতে ৫ জন যাত্রী ও ৪ জন স্ট‌াফ ছিল। 

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌মিনুল ইসলাম বলেন, "বিষয়‌টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। এ ঘটনার তদন্ত চলছে।"

এ ঘটনায় কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, "ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।"