রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) টেকনাফ সাবারাং সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় উদ্ধার কাজে গিয়ে বিজিবির এই সদস্য নিখোঁজ হন। পরে আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, “নিখোঁজ হওয়া আমাদের বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ফাঁড়িতে আনা হচ্ছে।”

শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় নিখোঁজ হন ওই বিজিবি সদস্য।

পরবর্তী সময়ে শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় চার রোহিঙ্গার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এদের মধ্যে এক শিশু ও ৩ জন নারী রয়েছেন। স্থানীয়দের সাহায্যে মরদেহগুলো উদ্ধার করে বিজিবি।