এপ্রিলে যে দামে বিক্রি হবে এলপি গ্যাস

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে নতুন এ ঘোষণায়, মার্চে মাসে যে দাম ছিল সেটিই অপরিবর্তিত রেখেছে বিইআরসি। অর্থাৎ এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের জন্য ভোক্তাকে আগের মতোই ১,৪৫০ টাকা গুণতে হবে।

তবে, এপ্রিল মাসের জন্য অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১, ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়।

বিইআরসির নতুন দর অনুযায়ী, মার্চের মতোই এপ্রিলে বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২০ টাকা ৮১ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে আসছে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।