ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। আর এই সুযোগে দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এরইমেধ্যে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় শেরপুরে এক যাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে বাসের হেলপারের বিরুদ্ধে।
রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেরপুর পৌর শহরের ঝিনাইগাতী অষ্টমীতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ব্যক্তির নাম শাকিল মাহমুদ (২৩)। তিনি শেরপুরের নকলা উপজেলার বারইকান্দি গ্রামের বাসিন্দা। তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৫০০ টাকা। তবে “তাকিফ পরিবহন” নামে একটি বাস যাত্রীদের কাছ থেকে ৮০০ টাকা করে নিচ্ছিল।
এ সময় যাত্রী শাকিল মাহমুদ অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করেন। এ নিয়ে বাসের হেলপার জসিমের সঙ্গে এ নিয়ে তর্ক শুরু হয় শাকিলের। এরপর বাসের চালক আলমগীরও শাকিলকে গালাগাল ও মারধর করে। একপর্যায়ে হেলপার জসিম পেছন থেকে ছুরি দিয়ে শাকিলকে আঘাত করেন।
খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বাসচালক আলমগীর (৩৫) ও তাকিফ পরিবহনের বাসটি আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পরপরই হেলপার জসিম পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সাংবাদিকদের বলেন, “বাসচালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। আহত যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পলাতক হেলপারকে ধরতে অভিযান চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”