মসজিদে ঝগড়ার জেরে জুলাই যোদ্ধাকে কোপালো সন্ত্রাসীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারানো মো. ফরিদ শেখ (১৭) নামের পিরোজপুরের এক জুলাই যোদ্ধাকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে।

রবিবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার টোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

আহত ফরিদ শেখ টোনা গ্রামের বাসিন্দা। তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ফরিদের মা সালমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় মামলার দায়ের করেছেন।

এ মামলার আসামিরা হলো- পিরোজপুর সদরের রাজারকাঠী গ্রামের রাকিব কাজী, রুপম হাওলাদার, নাজির কাজী, শাকিল সিকদার ও সিয়াম সিকদার।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ১ নম্বর আসামি রাকিব কাজীর সঙ্গে আহত ফরিদ শেখের সঙ্গে গত রমজানে টোনা গ্রামের মসজিদে বসে কথা কাটাকাটি হয়। পরে মসজিদের উপস্থিত মুসল্লিরা বিষয়টি মিমাংসা করে দেন। ওই ঘটনার জেরে রাকিব কাজী তার সহযোগীদের নিয়ে রবিবার রাতে ফরিদকে একা পেয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে  ভর্তি করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবাহান বিষয়টি নিশ্চিত করেছেন। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।