ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্বে “ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)” নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।
জুলাই-অগাস্ট আন্দোলনে বেশ সক্রিয় ছিল জুনায়েদ। তিনি তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্টে নিজেকে এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা হিসেবে উল্লেখ করেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর ধারনা করা যাচ্ছিল তারা হয়ত নতুন দল এনসিপির শীর্ষ পর্যায়ের পদে থাকবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, তারা এই নতুন দলে যোগ দেননি। তারপর থেকেই নতুন আরেকটি রাজনৈতিক সংগঠন গঠনের আলোচনা তৈরি হয়।
অবশেষে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন প্ল্যাটফর্মের নাম ও লক্ষ্য জানালেন আলী আহসান জুনায়েদ।
এদিন ফেসবুক পোস্টে নিজেকে দলের প্রধান উদ্দ্যোক্তা ঘোষণা করে জুনায়েদ বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি “ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)”। জুলাইয়ের আকাঙ্খা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”
সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রার কথা জানিয়ে তিনি আরও বলেন, “পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহিদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে৷
বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা। রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যেই বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা উপড়ে ফেলতে চাই।”
পোস্টে তিনি আরও বলেন, “৪টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায়- ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণঅভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আজাদি এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে।”
এছাড়াও তিনি অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে আলী আহসান জুনায়েদ গণমাধ্যম প্রথম আলোকে বলেন, “চলতি এপ্রিলের শেষ সপ্তাহে তারা এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তার আগে একটি সার্চ কমিটি প্রকাশ করা হবে। প্ল্যাটফর্ম ঘোষণার পর তারা মানুষের রেসপন্স (সাড়া) বোঝার চেষ্টা করবেন। মানুষ চাইলে প্ল্যাটফর্মটি রাজনৈতিক দলে রূপ নিতে পারে।”