ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ঢাকায় “মার্চ ফর গাজা” কর্মসূচি গণজমায়েতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে ঘোষণাপত্র পাঠ শেষে মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচিতে সবার পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এরপর বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।
এদিকে, “মার্চ ফর গাজা” কর্মসূচিতে যাওয়ার পথে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইলফোন হারিয়ে গেছে।
শনিবার সন্ধ্যায় দৈনিক আমার দেশ পত্রিকার ফেসবুক পেজে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, “কারওয়ান বাজার থেকে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ পেয়ে থাকলে আমার দেশ পত্রিকার কারওয়ান বাজার অফিসের ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হলো।”
ফেসবুক পোস্টে আরও বলা হয়, “আমার দেশ অফিসের যোগাযোগের নম্বর: 09666747400। ঠিকানা: ৮ম তলা, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা।”
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টার কিছুক্ষণ পরে “মার্চ ফর গাজা” কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টার দিকে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন।