ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীতে মাথায় প্রতীকী কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সাতরাস্তা ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে শেষ হয়।
পূর্বঘোষিত এই কর্মসূচিতে জুমার নামাজের পর শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করেন। তাদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যাবেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের জীবন-মরণের প্রশ্নে আন্দোলনে নেমেছি। বারবার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তাই আমরা আজ প্রতীকীভাবে কাফনের কাপড় বেঁধেছি। প্রয়োজনে জীবন দেবো, তবু অধিকার ছেড়ে যাবো না।”
আরেক শিক্ষার্থী শাম্মী আক্তার বলেন, “আমরা চাকরির ক্ষেত্রে ন্যায্য মর্যাদা চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অবহেলা আর সহ্য করা হবে না। সরকার দ্রুত সমাধান না করলে আরও কঠোর কর্মসূচি আসবে।”
এর আগে, বৃহস্পতিবার নিজেদের দাবি-দাওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
তবে সেখান থেকে বেরিয়ে এসে তারা জানান, আলোচনায় সন্তুষ্ট নন তারা। আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিলও করেন তারা।
এর আগে, বুধবার ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক আটকে রাখায় তীব্র যানজটে পড়ে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। পরে শিক্ষার্থীরা সারাদেশে বৃহস্পতিবার “রেল ব্লকেড” করার ঘোষণা দেন। পরে মন্ত্রণালয়ে আলোচনায় বসায় সে কর্মসূচি স্থগিত করা হয়।
কিন্তু মন্ত্রণালয়ের আলোচনায় সমাধান না পেয়ে তারা আবারও কর্মসূচির ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার একযোগে মাথায় প্রতীকী কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।