সাহিত্যচর্চার মাধ্যমে তরুণ আলেমদের ‘জেগে ওঠার’ আহ্বান ধর্ম উপদেষ্টার

সৃজনশীলতা ও পরিশীলিত সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে বলে আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সৃজনশীল লেখনি, সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রে আলেমদের তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেছেন ধর্ম উপদেষ্টা।

শনিবার (১৯ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাবাড়ি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “কেবল ভাষাপ্রেম, নৈতিকতা ও সাহিত্যিক সৌন্দর্যবোধ নয়, বরং চিন্তার গভীরতা ও প্রকাশভঙ্গির সঠিকতা নিরূপণের ক্ষেত্রে আলেমরা নির্ভরযোগ্য হয়ে উঠেছে। সাহিত্য ও সংস্কৃতিতে আলেমদের এরূপ সংশ্লিষ্টতা তাদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।”

“বাংলাবাড়ি”র কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের জাতিসত্তার প্রাণ। এই ভাষার স্বকীয়তা রক্ষা, বিশুদ্ধ চর্চা এবং শিল্প-সাহিত্যের সঠিক দিকনির্দেশনার জন্য বাংলাবাড়ি সংগঠনটির উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা ও সৃজনশীলতার জগতে আত্মপ্রকাশের জন্য অনেক তরুণ, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের প্রস্তুত করছে।”

জামিয়া আহলিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যাকাত বোর্ডের সদস্য মুফতি জসীমুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ কাওছার উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মনির, হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ ও আল-মানাহিল ওয়ালফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ধর্ম উপদেষ্টা চট্টগ্রামে নূরানী ত' তালিমুল কোরআন বোর্ড হাটহাজারীর প্রধান কেন্দ্রে একটি প্রশিক্ষণ কোর্স ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণ কোর্সে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।