চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাত দলের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মুহাম্মদ শহিদুল ইসলাম (২৮) নামের এক যুবক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শহিদুল ইসলাম সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত শহীদুল ইসলাম হাটহাজারীর মেখল এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির পাশে আহত শহিদুল ইসলামের পরিবারের একটি মুদিদোকান রয়েছে। দোকানটির দেখাশোনা করেন তার ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। মুদি দোকানের পাশাপাশি তারা বিকাশ ও নগদের পরিবেশক হিসেবে সেবা দিয়ে আসছেন।
আমিনুল ইসলাম জানান, রাত ২টার দিকে তিনি দোকান থেকে বাড়িতে চলে যান। এ সময় তার ভাই রাশেদও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও না–ফেরায় তিনি মোবাইল ফোনে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করেন। এ সময় দেখতে পান, দোকানে চারজন অস্ত্রধারী যুবক ঢুকে পড়েছেন। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে “ডাকাত, ডাকাত” চিৎকার শুরু করলে তার ভাই শহিদুল ইসলাম ঘর থেকে বের হয়ে দৌড়ে দোকানে ঢুকে পড়েন। সঙ্গে সঙ্গে সশস্ত্র ডাকাত দল শহিদুলকে গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। পরে ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেছেন।
আমিনুল ইসলাম বলেন, “দুটি ক্যাশবাক্সে রাখা টাকা এবং দোকানের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ডাকাত দল লুট করে নিয়ে গেছে।”
ডাকাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চারজন মুখোশপরা যুবক দোকানটিতে ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা গুনে নিচ্ছেন। তাদের সবার হাতে অস্ত্র। পরে তাদের গুলিতে দোকানের ভেতরে লুটিয়ে পড়েন শহীদুল ইসলাম। এরপর ডাকাতেরা পালিয়ে যান।
শহিদুল ইসলামকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএচ) নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
হাটাহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, “ডাকাতির ঘটনা সত্য। বিস্তারিত পরে জানানো হবে।”