রিউমর স্ক্যানার: গত ৩ মাসে হাসিনা-জামায়াতকে নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে বেশি

তথ্য যাচাই বা ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের হিসাব অনুযায়ী, এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১% বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮% বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।

এ বছরের প্রথম তিন মাসে ৮৩৭টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। যেখানে ব্যক্তি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সবচেয়ে বেশি এবং দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তথ্য যাচাই বা ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, বাংলাদেশে প্রচারিত এসব ভুয়া তথ্য প্রচারের শীর্ষ প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক।

প্রতিষ্ঠানটি বলছে, বছরের প্রথম তিন মাসে ৭৪৮টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে ফেসবুকে। অর্থাৎ, প্রতিদিন গড়ে আটটির বেশি ভুল তথ্য প্রচারিত হয়েছে এই প্ল্যাটফর্মে। ফেসবুকের পর এক্স (১৬২টি), ইউটিউব (১২৪টি), টিকটক ও ইনস্টাগ্রামে ৬৭টি করে ভুল তথ্য ছড়িয়েছে।

এছাড়া গত তিন মাসে মিথ্যা বা ভুল তথ্য শনাক্ত হয়েছে ৫০৭টি, বিভ্রান্তিকর রেটিং দেওয়া হয়েছে ২২৬টি, বিকৃত রেটিং পেয়েছে ১০২টি।

এই তিন মাসে সবচেয়ে বেশি ৪১% রাজনৈতিক ভুল তথ্য শনাক্ত হয়। এছাড়া জাতীয় বিভিন্ন ইস্যুতে ২৯% এবং ধর্মীয় ইস্যুতে ৯% ভুল তথ্য শনাক্ত হয়।

রিউমর স্ক্যানার বলছে, এ বছরের প্রথম তিন মাসে দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে। দল এবং দলের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নেতাকর্মীদের নামে ৮১টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। জামায়াতের পর রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এরপর আছে বিএনপি।

রিউমর স্ক্যানারের হিসাব অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে এই তিন মাসে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে জড়িয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে। যার ৮০% ক্ষেত্রেই তাকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে এ বছরের শুরুতে ৪৪টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। যার মধ্যে ৯৩% ছিল সরকারের জন্য নেতিবাচক। এছাড়া দেশে সশস্ত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে এ সময় ৬০টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। যার মধ্যে সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ ৪২টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, দেশের গণমাধ্যমও ভুল তথ্য প্রচার করেছে। গত তিন মাসে দেশের গণমাধ্যমগুলোতে ভুল তথ্য, ছবি এবং ভিডিও মিলিয়ে ৪২টি ভুল। এছাড়া গত তিন মাসে ভারতীয় গণমাধ্যমে অন্তত ২০টি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার বলছে, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কিত ২০টি ঘটনায় ভারতের ২৩টি সংবাদমাধ্যমে ৩৮টি অপতথ্য প্রচার করা হয়েছে। সবচেয়ে বেশি ৮টি অপতথ্য প্রচার করেছে আজতক বাংলা। সব মিলিয়ে প্রথম তিন মাসে ৮৩টি অপতথ্যের প্রচারে ভারতীয়দের ভূমিকা দেখেছে রিউমর স্ক্যানার।

গণমাধ্যমের নামেও ভুল তথ্য ছড়ানো হয়। বছরের প্রথম প্রান্তিকে গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম ব্যবহার করে এবং নকল ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ১১৮টি ঘটনায় দেশি ও বিদেশি ৩৯টি সংবাদমাধ্যমকে জড়িয়ে ১৩৫টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।