চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চের গাড়িবহরকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে।
লাল কার্ড প্রদর্শনকারী ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে অতিক্রম করার সময় নিশানকে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়। পরবর্তীতে ঘটনার ধারণকৃত ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই পদক্ষেপের প্রশংসা করলেও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পক্ষ থেকে এর তীব্র সমালোচনা করা হচ্ছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ঘটনার বিষয়ে জানতে চাইলে তৌহিদুল ইসলাম নিশান জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং লংমার্চের কারণে সৃষ্ট জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদেই তিনি এই লাল কার্ড প্রদর্শন করেছেন। তিনি আরও উল্লেখ করেন, এটি একটি গঠনমূলক প্রতিবাদ ছিল এবং সেখানে কোনো ধরনের অশালীন আচরণ বা গালাগালি করা হয়নি।



