Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

‌‘বিরোধী দলের লংমার্চের গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে?’

 লংমার্চে বিপুল গাড়িবহর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম

বিরোধী দলের লংমার্চে বিপুল গাড়িবহর নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, একদিকে বলছেন তেল নেই, গ্যাস নেই। অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে?

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন শামা ওবায়েদ।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারাও সরকারের অংশ। সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়।’’ লংমার্চ না করে সংসদে এসে দাবি-দাওয়া উত্থাপন এবং আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘‘আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, সে সময় জামায়াতে ইসলামসহ বিরোধী দল নাকি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লংমার্চ করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়, তাহলে বিএনপি সরকারের হাত ধরে বাস্তবায়ন হবে।’’

তিনি বলেন, ‌‘‘আপনারা একদিকে বলছেন তেল নেই, গ্যাস নেই, এটা নাকি সরকারের দোষ। অন্যদিকে এক হাজার, দুই হাজার, তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। আমরা চাই সরকারি দল, বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে জনগণের জন্য কাজ করবে।’’

বিরোধী দলকে সংসদে এসে দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সব সমস্যার সমাধান করা সম্ভব। লংমার্চ করে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ফিরে এসেছে, কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কৃষকদের খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে যে সারের সমস্যা রয়েছে। তবে বাংলাদেশে সারের কোনো সমস্যা নেই বলে দাবি করেন তিনি।

 

   

About

Popular Links

x