চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় মৌসুমী নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আমবাগান রেলওয়ে-সংলগ্ন মাসুদ কলোনিতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৌসুমীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পাখি হিজড়া জানান, শনিবার সকাল ১০টার দিকে মৌসুমীর ঘরে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং জিহ্বা বাইরে বের হয়ে ছিল। পরে আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে খুলশী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, “মৌসুমী নামে এক হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।“
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।“



