সৌদি আরবের পবিত্র নগরী মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের আওতায় ঐতিহাসিক মসজিদের পাশাপাশি বিভিন্ন এলাকার সাধারণ মসজিদও থাকবে।
সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত পৃথক স্থান খোলা থাকবে। এর ফলে নারীরা প্রতিদিনের ফরজ নামাজ এসব স্থানে আদায় করতে পারবেন।
এর আগে মদিনার বেশ কয়েকটি মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান ছিল। তবে সেগুলো সাধারণত জুমার নামাজ, তারাবিহ ও ঈদের নামাজের সময় খোলা রাখা হতো।
নতুন অনুমোদনের ফলে এখন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় এসব স্থান ব্যবহারের সুযোগ পাবেন নারীরা।
এ ছাড়া ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১৫ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।



