Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় ট্রাকসহ ১২ টন তরল চিনি জব্দ, আটক ৪

ট্রাক থেকে চিনি গলে রাস্তায় পড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

কুষ্টিয়ায় একটি ট্রাক থেকে ১২ টন তরল চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার খাজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে তরল চিনি বোঝাই তিনটি ট্রাককে খাজানগর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় সংশ্লিষ্টরা চিনি রাখার জন্য গুদাম খুঁজছিলেন বলে স্থানীয়রা জানান। ট্রাকের পাটাতনে পলিথিন বিছিয়ে তরল চিনি রাখা হয়েছিল।

শনিবার সকালে স্থানীয় রাজধানী রাইস মিলের গুদামে একটি ট্রাক থেকে তরল চিনি নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় ট্রাক থেকে চিনি গলে রাস্তায় পড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ টন তরল চিনিসহ ট্রাকটি জব্দ করে এবং চারজনকে হেফাজতে নিয়ে থানায় যায়। তবে চিনি বোঝাই অপর দুটি ট্রাকের সন্ধান পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, “ট্রাক থেকে চিনি গলে গলে রাস্তায় পড়ছিল। বিষয়টি দেখে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ট্রাকসহ চারজনকে থানায় নিয়ে আসে।“

তিনি আরও জানান, বাকি দুটি ট্রাকের চিনি উদ্ধারের পাশাপাশি এসব চিনি কার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা খুঁজে বের করতে অভিযান চলছে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে ট্রাকটি থামিয়ে তরল চিনি নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় চিনি গলে রাস্তায় পড়তে থাকলে স্থানীয়দের অনেকে হাঁড়ি-পাতিল নিয়ে তা সংগ্রহের চেষ্টা করেন। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।

তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, “চিনিগুলো তার মিলের পাশে কামাল নামে এক ব্যক্তির গোডাউনে আনলোড করার পরিকল্পনা ছিল।“

   

About

Popular Links

x