ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গরুর জন্য ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে তার গরুর জন্য ঘাস কাটতে যান।
ওই সময় একই গ্রামের ফারুক ও হুমায়ুন নামে দুই ব্যক্তি তাদের জমি থেকে ঘাস কাটায় আলমগীরকে মারধর করে।
এর মীমাংসা করতে বসা সালিশে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা সম্পর্কে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঘটনা খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই রাত ৯টা থেকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



