Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে ফেলা সেই পাইলট বরখাস্ত

পরীক্ষার ফলাফলে এয়ার ইন্ডিয়ার ওই প্রধান পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

সাইকোঅ্যাকটিভ মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় দিল্লি-ফুকেট ফ্লাইটের প্রধান পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাইলটকে বরখাস্তের সিদ্ধান্ত জানায় ভারতীয় এই বিমান সংস্থা।

এর আগে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনে ওই পাইলটের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) সুপারিশ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চূড়ান্ত নিশ্চিতকরণ পরীক্ষার ফলাফলে এয়ার ইন্ডিয়ার ওই প্রধান পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষায় সাইকোঅ্যাকটিভ মাদকের উপস্থিতি পাওয়ার বিষয়টি গুরুতর উল্লেখ করে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে ডিজিসিএকে সুপারিশ করেছে এএআইবি।

তবে এ ঘটনার চূড়ান্ত তদন্ত শেষ হতে এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এএআইবির প্রতিবেদনের বরাতে জানা গেছে, ফ্লাইটটি অল্প সময়ের জন্য উচ্চতা হারানোর সময় বিমানের তিনটি হাইড্রলিক ব্যবস্থাই বিকল হয়ে যায়। একই সময়ে অটোপাইলট বন্ধ হয়ে যায় এবং দুই সেকেন্ডের জন্য স্টল সতর্কবার্তা চালু হয়।

ঘটনার সময় বিমানটি নির্ধারিত ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে প্রথমে ৩৭২ ফুট ওপরে ওঠে। এরপর সেটি ২৯২ ফুট নিচে নেমে যায়। পর্যাপ্ত লিফট তৈরি না হলে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে যাওয়ার আশঙ্কায় স্টল সতর্কবার্তা দেওয়া হয়।

ঘটনার সময় বিমানের নিয়ন্ত্রণে থাকা কো-পাইলট দ্রুত পরিস্থিতি সামাল দেন। পরে হাইড্রলিক ব্যবস্থাগুলো স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনাও স্বাভাবিক হয়ে আসে।

বিমানটি ক্রুজিং উচ্চতায় থাকায় তখন সিটবেল্টের সংকেত বন্ধ ছিল। আকস্মিক উচ্চতা পরিবর্তনের সময় এতে যাত্রী ও ক্রুদের অনেকে আহত হন।

ঘটনার পর বিমানের কেবিনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ছাদের প্যানেলে ফাটল ও খুলে যাওয়া, হাতল বাঁকা বা ভেঙে যাওয়া এবং জরুরি বহির্গমন ও ওপরের লাগেজ রাখার বক্সের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া একটি টয়লেটের কমোড খুলে যায়। পেছনের দরজার কাছে থাকা একটি ক্রু সিটসহ বিমানের আরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটটি ১৩৭ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্য নিয়ে ফুকেট থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। ভারতের ওড়িশা উপকূলের কাছাকাছি মাঝআকাশে পৌঁছালে বিমানটি হঠাৎ ক্লিয়ার এয়ার টার্বুলেন্সের মুখে পড়ে এবং আনুমানিক ৩০০ ফুট উচ্চতা হারায়।

 

   

About

Popular Links

x