দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছেন গ্রামবাসীরা।

শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাছে এই ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার।

আটক বাংলাদেশিরা হলেন, ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)।

অন্যদিকে, বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুম ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, “সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে।”