Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী নাকি বিমসটেক সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ? জবাব এড়াল ভারত

পদবি উল্লেখ নিয়ে ওঠা প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:০২ এএম

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তার পদবি উল্লেখ নিয়ে ওঠা প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার নয়া দিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে নয়, বরং ‘বিমসটেকের চেয়ারম্যান’ হিসেবে সম্বোধন করা হয়েছে। বিষয়টি বাংলাদেশে অপমানজনক হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল কোনো ব্যাখ্যা দেননি।

তিনি বলেন, “ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। আমন্ত্রণপত্র এবং এ-সংক্রান্ত কারিগরি বিষয়গুলো সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।”

এর আগে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান, দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতের দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত তাঁর আঞ্চলিক সফর সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর সম্পর্কে মন্তব্য করা যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ সরকারের বিষয়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করার সুযোগ নেই।’’

 

   

About

Popular Links

x