গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ হৃদয় হোসেনের কবর জিয়ারত করা হয়েছে। এ সময় শহীদের বড় ভাই গোলাপ মিয়ার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফর শহীদ হৃদয়ের পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি জানান, যতদিন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বে থাকবেন, ততদিন জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদ পরিবারের পাশে সরকার ও দল থাকবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে শহীদ হৃদয় জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় শহীদ হৃদয়ের পরিবারের খোঁজখবর নেওয়া হয়। জানা যায়, হৃদয়ের বড় ভাই গোলাপ মিয়া আগে একটি পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার রয়েছেন। তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন ছাত্রনেতা এইচ এম আবু জাফর।
গাছা থানার জামান মার্কেট এলাকায় অবস্থিত শহীদ হৃদয়ের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিন, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন এবং সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় শহীদ হৃদয়ের বড় ভাই গোলাপ মিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



