শুটিং সেটে অসুস্থ হয়ে মারা গেলেন ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যান

রাজশাহীতে চলছে শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত “তাণ্ডব” সিনেমার শুটিং। সেখানেই অসুস্থ হয়ে মারা গেছেন সিনেমাটির স্টান্টম্যান মনির হোসেন। তার মৃত্যুতে শুটিং সেটে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।

তিনি বলেন, “শনিবার রাত আনুমানিক ৮টার সময় আমাদের জরুরি বিভাগে তাকে মৃত্য অবস্থায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে; হাসপাতালে আনার পথে গাড়ির মধ্যেই তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় যারা তাকে নিয়ে এসেছিলে, তারাই লাশ নিয়ে চলে গেছেন।”

বিষয়টি নিয়ে “তাণ্ডব” সিনেমার পরিচালক রায়হান রাফী বলেন, “মনির দুপুরের দিকে শট দিয়েছিল। এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই জানা যায় সে আর নেই।”

শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালেই মনির স্ট্রোক করেছিলেন। কিন্তু সে বিষয়টি কাউকে জানাননি। কারও সঙ্গে অসুস্থতা বা অস্বস্তির কথাও ভাগ করেননি তিনি।

রাফী বলেন, “অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।”

জানা গেছে, মনিরের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন মনির।

নেপালী বলেন, “সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল।”

প্রসঙ্গত, “তাণ্ডব”  সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কোরবানির ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের।