শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নেত্রকোনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (৫ মে) সন্ধ্যায় নেত্রকোনার আটপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মাসুম মিয়া (৪০)।

গতকাল সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (৬ মে) সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৮ বছরের ছেলেশিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। সোমবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি ফেরার সময় পথে একটি ইজিবাইকে ওঠে। এ সময় ইজিবাইকে কোনো যাত্রী না থাকায় শিশুটিকে নিরাপদে বসার কথা বলে অভিযুক্ত তার পাশে বসান। পরে তিনি শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সড়কের পাশে জঙ্গলসংলগ্ন এলাকায় ইজিবাইকটি থামান। এ সময় শিশুটিকে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টা চালান। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মাসুম মিয়াকে মারধর করে পুলিশে সোপর্দ করে লোকজন।

এ ঘটনায় আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “মামলায় মাসুম মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।”