Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

১০ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

রাত পৌনে ১টার দিকে তিনি মোহনগঞ্জ থানায় উপস্থিত হয়ে তিনি আত্মসমর্পণ করেন

আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:০৪ এএম

নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মহন তালুকদার আত্মসমর্পণ করেছেন।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে তিনি মোহনগঞ্জ থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

মহন তালুকদার (২৫) মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আত্মসমর্পণের আগে তিনি সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেছেন এবং ন্যায়বিচার চান।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ ডিসেম্বর শিশুটির বাড়িতে মা বাইরে থাকার সময় প্রতিবেশী মহন তালুকদার প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে হুমকির কারণে ঘটনাটি দীর্ঘদিন গোপন থাকে।

চলতি বছরের ১২ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে চিকিৎসা পরীক্ষায় গর্ভধারণের তথ্য পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ২ মে মোহনগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। পরে দীর্ঘদিন পর তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে।

   

About

Popular Links

x