বিএনপির সংসদ সদস্য ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সৈয়দ তানভীর আহমেদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৈয়দ তানভীর মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার বাসিন্দা। তার পূর্বের বাড়ি জুড়ী উপজেলায় হলেও বর্তমানে তিনি শ্রীমঙ্গলে বসবাস করছিলেন। নিজেকে তিনি একটি ফার্মের প্রকৌশলী হিসেবে পরিচয় দেন এবং বেরীরপাড় এলাকায় তার ব্যবসায়ী ফার্ম রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য (এমপি) এম নাসের রহমানের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে তার মুখমণ্ডল অন্য একজনের শরীরের সঙ্গে যুক্ত করে এই ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি করে। পরে তা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়।
এ ঘটনায় গত ২ আগস্ট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে একটি সাইবার মামলা দায়ের করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। মামলার সুষ্ঠু তদন্ত ও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।



