পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা টুকু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে টুকু শেখকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় গ্রেপ্তারকৃত টুকুর নিকট থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিশিয়াল স্টাম্প প্যাড জব্দ করা হয়, যা প্রতারণার কাজে ব্যবহার করা হতো।
গ্রেপ্তারকৃত প্রতারক টুকু শেখ (৩৫) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা।
ওসি জানান, চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্কের হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির ও ফায়দা হাসিলের চেষ্টা করে আসছিল- এমন গোপন সংবাদ পায় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তা নিয়ে আসামির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে।
জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত টুকুর নাম উল্লেখসহ তার সঙ্গে সরাসরি জড়িত আরও সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



