আগামী ৫ আগস্ট (জুলাই গণঅভ্যুত্থান দিবস) ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘‘নিষিদ্ধ ঘোষিত দলটি মাঝে মধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিলেও উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।’’
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধঘোষিত দল, মাফিয়া শক্তি। তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’
পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সবসময় চালু থাকে, যাতে অরক্ষিত কোনো যানবাহন না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায়, তারা যেন গাড়ি রেখে সবাই একসঙ্গে বিশ্রাম না করে। গাড়ি সবসময় অন্তত একজন সদস্যের তত্ত্বাবধানে রাখা এবং সর্বত্র সতর্ক অবস্থান নিশ্চিত করা পুলিশের স্বাভাবিক অনুশীলনের অংশ। এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’’
৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে একটি সভা ডাকা হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য ওই সভায় যুগপৎ আন্দোলনের শরিক ও অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন।



