কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৯ মে) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতি ইউনিয়নের খাটরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, “চৌদ্দগ্রামে সেনাবাহিনীর সদস্যরা মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট তিনজন অপরাধীকে গ্রেপ্তার করেছেন। অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।”
তিনি জানান, উপজেলার খাটরা এলাকা থেকে শাহাবুদ্দিন বাবু (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার বাড়িতে অভিযান চালিয়ে সেনা টহল দল ২ কেজি গাঁজা উদ্ধার করে।
অপর একটি অভিযানে এদিন ভোরে গুনবতী ইউনিয়নে অভিযান চালিয়ে সুজন মিয়া (২৩) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি দা উদ্ধার করা হয়। জানা গেছে, বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।
অন্য একটি অভিযানে খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়। জাহিদ গুনবতী ইউনিয়নে কিশোর গ্যাং অপরাধমূলক কার্যক্রমে জড়িত হয়। তিনি পলাতক শীর্ষ সন্ত্রাসী তুয়ানের সহযোগী ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত বলেও জানা যায়।
গ্রেপ্তারদের প্রাথমিক চিকিৎসা দিয়ে করে স্থানীয় চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।