তীব্র তাপপ্রবাহে ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপ চলছে। এ অবস্থায় আজ শনিবার (১০ মে) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

গত বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে। গতকাল দেশের ৪৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ ছিল। আজ সব জায়গার তথ্য এলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।