আট ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম।
বুধবার (১৪ মে) সকাল থেকেই নির্বিঘ্নে সেবা পাবেন নাগরিকেরা। এনআইডি সার্ভারে লগইন (প্রবেশ) করার সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এই সমস্যা দেখা দিয়েছিল। সচল হওয়ার বিষয়টি আজ সন্ধ্যায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সংবাদমাধ্যম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়, তা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ ছিল, এখন সচল হয়েছে। এনআইডির ওটিপি সিস্টেমটা আমাদের এন্ডে (কাছে) না, আমরা যাদের কাছ থেকে এটা পারচেজ করি, ওদের সিস্টেমে একটু ঝামেলা হয়েছে, ওরা এটা মেরামত করেছে, এখন ওটিপি সেবা মিলছে।’’
তিনি আরও বলেন, “সকাল থেকে যে আবেদনগুলো পাঠানো হয়েছে, সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। ওগুলো ক্লিয়ার হওয়ার পরই আবার নতুনগুলো চলে আসবে এবং আগামীকাল (বুধবার) সকাল থেকে নাগরিকেরা নির্বিঘ্নে এনআইডি সেবা পাবেন।”
এর আগে সকালে এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ ছিল।
উল্লেখ্য, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২,২৭৪। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে এতে আরও প্রায় ৬৩ লাখ ভোটার যুক্ত হতে পারেন বলে ধারণা করছে ইসি।