স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার-বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও জানতে পেরেছে দুদক। শুনানি শেষে আদালত তুহিন ফারাবী ও মাহমুদুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

এদিকে আজ মঙ্গলবার এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তারও জাতীয় পরিচয়পত্র ব্লকের নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে ২৪ মে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে তারও এনআইডি ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়।