সাগরে নিম্নচাপ, সারাদিনই ঝরতে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আজ থাকতে পারে সারাদিন। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

তবে লঘুচাপটি নিম্নচাপে এখন পরিণত হয়েছে তবে এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ ভোরের দিকে সাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়।

তিনি বলেন, “আজ রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামীকাল ও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসতে পারে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।”

আবহাওয়া অধিদপ্তর বলেছে, সাগরের সৃষ্টি হওয়া এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম , খুলনা ,বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারি থেকে অতভারি বৃষ্টি হতে পারে। কোনো স্থানে ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতিভারি বৃষ্টি বলা হয়। অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম,  রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়ার বার্তায়।