গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ ও অধিকারকর্মীরা

জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কিছু অধিকারকর্মী আগামী রবিবার একটি মানবিক সহায়তাবাহী জাহাজে করে গাজার উদ্দেশে যাত্রা করবেন। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চলমান যুদ্ধ ও মানবিক অবরোধের প্রতিবাদ জানাতেই এই অভিযানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এক ফরাসি-ফিলিস্তিনি এমপি।

শুক্রবার (৩০ মে) প্যারিস থেকে সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “ফ্রিডম ফ্লোটিলা” নামের একটি জোট এই অভিযানের আয়োজন করেছে। সংগঠনটি গাজায় মানবিক সহায়তার ওপর ইসরায়েল কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। ইসরায়েল গত ২ মার্চ থেকে এই অবরোধ আরোপ করে, যা সাম্প্রতিক সময়ে আংশিকভাবে তুলে নেওয়া শুরু হয়েছে।

এই অভিযানে অংশ নিতে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বলেন, “অভিযানের একাধিক লক্ষ রয়েছে: মানবিক অবরোধ ও চলমান গণহত্যার নিন্দা, ইসরায়েল রাষ্ট্রকে যে দায়মুক্তি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি।”

ফরাসি বামপন্থি দল এলএফআইর সুপরিচিত কণ্ঠস্বর রিমা হাসান মধ্যপ্রাচ্য নিয়ে তার বক্তব্যের জন্য সুপরিচিত।

তিনি জানান, ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে তার দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাকে প্রবেশের অনুমতি দেয়নি।

এদিকে, সুইডেনে টিনএজ জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পওয়া গ্রেটা থুনবার্গ এর আগে এই মাসের শুরুর দিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজে গাজা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু জাহাজটি পথেই ক্ষতিগ্রস্ত হয়।

অধিকারকর্মীরা জানান, তারা সন্দেহ করছেন ইসরায়েলি ড্রোন হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

রিমা হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মিশনের সাফল্য নিশ্চিত করতে সর্বোচ্চ জনসম্পৃক্ততা প্রয়োজন।”

সম্প্রতি গাজায় কিছু মানবিক সহায়তা প্রবেশ করতে শুরু করেছে, কিন্তু বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করে বলছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি ব্যাপক দুর্ভিক্ষের মুখে।

প্রসঙ্গত, হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা এই চুক্তি মেনে নিতে পারছে না।