Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাসপোর্ট থেকে বাদ পড়ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কিত ছবি

যুক্ত হচ্ছে কাঁঠাল, ইলিশ, হাওর, রাজশাহীর আমবাগান ও আবু সাঈদের ছবি

আপডেট : ২১ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর পাসপোর্টে বেশ কিছু বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শুরুর সংবাদ পাওয়া গেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিল ও মে মাসের শুরুতে এ নিয়ে একাধিক সভা করে। পরিবর্তনের বিষয়ে সরকারের শীর্ষ মহলের সবুজসংকেত রয়েছে। 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের পাসপোর্ট থেকে বাদ পড়ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কিত ছবি। আর নতুন করে যুক্ত হচ্ছে কাঁঠাল, ইলিশ, হাওর, রাজশাহীর আমবাগান, আবু সাঈদের ছবি। 

যেসব ছবি-তথ্য বাদ পড়ছে-

জানা গেছে, পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, দিনাজপুরের কান্তজিউ মন্দির, নৌকাসহ কক্সবাজার সমুদ্র সৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ যাচ্ছে। 

যেসব ছবি-তথ্য যুক্ত হচ্ছে-

আর নতুন করে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি।

এছাড়াও বঙ্গভবন, ভৌগোলিক নির্দেশক (জিআই) জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সমুদ্রসৈকত (নৌকা বাদে), মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল, কুমিল্লার শালবন বিহার, বান্দরবানের নীলগিরি পর্বত, রাজশাহীর আমবাগান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরীর ছবি নতুন করে যুক্ত হওয়ার আলোচনায় রয়েছে।  


পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত' পুনর্বহালের উদ্যোগ

বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ পুনর্বহালের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। 

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ বহাল করার কথা বলা হয়। 

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। 

তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর হয়নি। এখন বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকর করার উদ্যোগ নিচ্ছে। 

নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করা হবে। 

পুরনো পাসপোর্টধারীদের জন্য আলাদা করে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে বলে জানা গেছে। 

   

About

Popular Links

x