কুয়েটে বেতন পরিশোধের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়ার দাবিতে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ না হওয়ায় তারা বেতন-বোনাস পাওয়া নিয়ে জটিলতায় পড়েছেন।

রবিবার (১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন করেন তারা।

এ সময় অচিরেই ভিসি নিয়োগ অথবা কাউকে অর্থনৈতিক দায়িত্ব প্রদান ও বেতন-ভাতা ও বোনাস প্রদানের জটিলতা নিরসন এবং ক‌্যাম্পাসে স্থি‌তিশীল অবস্থা ফি‌রিয়ে আনার দাবি জানিয়েছেন বক্তারা।

ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করার ঘটনা নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনায় ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে এরই মধ্যে দুজন ভিসি প্রত্যাহার করা হয়েছে।

গত ২২ মে অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হযরত আলী পদত‌্যাগ করার পর এখন নতুন করে কেউ দায়িত্ব গ্রহণ না করায় চরম জটিলতায় পড়েছেন প্রায় ১,২০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে সভাপ‌তিত্ব করেন কুয়েট অফিসার্স অ্যাসি‌য়েশ‌নের সভাপ‌তি মো. মঈনুল হক। মানববন্ধ‌নে বক্তৃতা ক‌রেন মো. রোকুনুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াৎ, প্রকৌশলী বাদশা মো. হারুন প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বি‌ভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপ‌স্থিত ছিলেন।