চলমান পাঁচটি বিসিএসের (৪৪তম, ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৪৮তম বিশেষ বিসিএস) নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য রোডম্যাপ প্রকাশ করেছে পিএসসি।
মঙ্গলবার (৩ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চলমান বিসিএস-জট নিরসন ও কালক্ষেপণ হ্রাসের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। পাঁচটি বিসিএসের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য একটি রোডম্যাপ প্রকাশ করেছে। ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এ লক্ষ্যে কমিশন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে। যেসব প্রার্থীর একইসঙ্গে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, তাদের ওই পরীক্ষার এক মাস আগে বা এক মাস পর ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
এদিকে দেশে সরকারি চিকিৎসকের সংকটের কারণে ৪৮তম বিশেষ বিসিএসকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। এ প্রিলিমিনারি পরীক্ষার ফল ২১ জুলাই প্রকাশ করা হবে। দ্রুত মৌখিক পরীক্ষা শেষে এই বিসিএসের চূড়ান্ত ফল আগামী ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
এছাড়াও ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি জারির ২ মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের ২ মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব পরীক্ষার তারিখ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।