সীতাকুণ্ডে ঝরনায় নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা-২ নামে একটি ঝরনায় নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগাহাটহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তাহসিন আনোয়ার (১৭)। সে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) লুৎফুন নাহারের একমাত্র ছেলে। নিহত তাহসিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ঘটনার পর খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত অবস্থায় তাহসিনের লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মছিন্দ্রলাল ত্রিপুরা সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “বিকেল পৌনে ৫টার দিকে সহস্রধারা ঝরনা-২-এর পানিতে একজন পর্যটক ডুবে গেছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে সেখানে ঝরনার পানিতে ডুবে যাওয়া তাহসিনের লাশ তারা উদ্ধার করেন।”

মছিন্দ্রলাল ত্রিপুরা আরও বলেন, “তাহসিনের বন্ধুরা তাকে জানিয়েছে, সাতজনের একটি দল সহস্রধারা ঝরনায় বেড়াতে এসেছিল। তাদের মধ্যে তিনজন ঝরনার সামনে জমে থাকা পানিতে নামে। সেটা গভীর ছিল। ফলে দুজন ওঠে গেলেও তাহসিন ওঠতে পারেনি। সে যখন ডুবে যাচ্ছিল তখন উদ্ধারের জন্য চিৎকার করছিল। কিন্তু তার সহপাঠীরা তখন মনে করেছিল, সে দুষ্টুমির ছলে চিৎকার করছে। কিছুক্ষণের মধ্যে সে ডুবে যায়। এরপর যখন আর উঠছিল না, তখন তারা ফায়ার সার্ভিসকে ফোন দেয়।”

সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। নিহত তাহসিনের লাশ ঝরনা এলাকায় রাখা হয়েছে। তার বাবা-মা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”