ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

রাজধানী ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২০ জুন) দুপুরে ধামরাইয়ের কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরসভার কুমড়াইল এলাকার বাসিন্দা মো. শাহজাহান মিয়া (৪৫) ও তার ছোট ভাই আজিল উদ্দিন (৪২)। আহত শাহজাহান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আজিল উদ্দিন আজ শনিবার (২১ জুন) ধামরাই থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়, কুমড়াইল মৌজায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার অভিযুক্তরা ওই জমিতে নির্মাণকাজ শুরুর চেষ্টা করলে শাহজাহান মিয়া বাধা দেন। তখন অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ছোট ভাই আজিল উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

আহত ও মামলার বাদি আজিল উদ্দিন বলেন, “আজকে এলাকাবাসী এগিয়ে না এলে ওরা আমাদের দুই ভাইকে মেরেই ফেলতো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনা সম্পর্কে জানতে আসামি পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বার বন্ধ পাওয়া গেছে।

এ ঘটনা প্রসঙ্গে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তদন্ত সাপেক্ষে খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হবে।”