এ বছর হজে গিয়ে ৩৮ বাংলাদেশির মৃত্যু

এ বছল সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৭ হাজার ২১২ জন। রবিবার (২২ জুন) পর্যন্ত ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,০০৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪২,২০৬ জন।

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজযাত্রী দেশে ফেরার ক্ষেত্রে পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৯,০১৩ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৯,৭৫৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮,৪৪১ জন হাজিকে।

এ পর্যন্ত মোট ১২০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৮টি, সৌদি এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১৫৭ জন মুসল্লি হজে গিয়েছেন। তাদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।